মেহেরপুরে ৪ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের
মেহেরপুর প্রতিনিধি-দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ৪ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে। আজ ১ ডিসেম্বর, সোমবার মেহেরপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কেন্দ্রকর্মসুচির অংশ হিসাবে এ কর্মবিরতি শুরু করে। শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারনে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হচ্ছে না।
মেহেরপুর সরকারী গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী জানান, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি চলছে। মন্ত্রণালয় যদি তাঁদের দাবিগুলো পূরণের বিষয়ে রূপরেখাসহ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন তাহলে তাঁরা শিক্ষার্থী ও জাতীয় স্বার্থে কর্মবিরতি রাখবেন না। আর যদি দাবিগুলো না মানা হয় লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সকল শিক্ষকেরা।
এদিকে সকালে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সুমন জানান, অনেক শিক্ষার্থী ফিরে গেছে তাদের দাবি পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসে দেখে পরীক্ষা হচ্ছে না।
মাধ্যমিক শিক্ষকদের ৪ দফা দাবিগুলো হলো-
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
উল্লেখ্য সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবির বিষয়ে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































